Posts

"আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।" কোন চেষ্টার কথা এখানে বলা হয়েছে?

 মেসোর সহযোগিতায় তপনের নতুন লেখা 'প্রথম দিন' গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে জেনে তার মেজোকাকু বলেন যে, ওরকম একজন মেসোমশাই থাকলে তাঁরাও গল্প লেখার চেষ্টা করতেন।

"শুধু এইটাই জানা ছিল না।"-কার, কী জানা ছিল না?

 তপনের বাবা, মেজোকাকু কিংবা ছোটোমামার মতো এমন সহজ-স্বাভাবিক কোনো মানুষই যে লিখতে পারে, তা তপনের জানা ছিল না।

"এই কথাটাই ভাবছে তপন রাতদিন।" তপন রাতদিন কোন্ কথা ভাবছে?

 নতুন মেসো তার গল্পটি নিয়ে গেলেও সেই গল্প কবে ছাপা হবে বা তা আদৌ ছাপা হবে কি না-এ কথাই তপন রাতদিন ভাবছে।

"তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়।"-সে কেন ওভাবে তাকায়?

 তপনের লেখা গল্প মেসোর পছন্দ হয়, তিনি তার প্রশংসাও করেন। মেসোর মুখে এই তারিফ শুনে অভিভূত তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়।

"এটা খুব ভালো।"-'ভালো' বলতে কীসের কথা বোঝানো হয়েছে?

 তপনের মেসো তার গল্পের বিষয়-নির্বাচন, বিশেষ করে তার স্কুলে ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে লেখা গল্পটিকে 'ভালো' বলে বিশেষিত করেছেন।

"না করতে পারবে না।"-কে, কী 'না করতে' পারবেন না?

 তপনের নতুন মেসো সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে তপনের গল্প ছাপানোর অনুরোধ জানালে, তিনি 'না করতে' পারবেন না 

"মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।" কোল্টি মেসোর উপযুক্ত কাজ?

 তপনের গল্পটি যদি ছোটোমেসো ছাপিয়ে দেন, তবে সেটিই হবে তাঁর উপযুক্ত কাজ।

"তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।"-কখন, কে 'আহ্লাদে কাঁদো কাঁদো' হয়ে যায়?

 নতুন মেসোর সঙ্গে কথা বলার সময় তপন যখন মেসোর মুখে করুণার ছাপ দেখতে পায় তখন সে 'আহ্লাদে কাঁদো কাঁদো' হয়ে যায়।